নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতির সময় দুই যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ঘটনাস্থল থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে ফতুল্লা মডেল থানার মুসলিম নগর নয়াবাজার এলাকায় মো. আব্দুল বাতেনের বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন—বগুড়া জেলার আমতলী থাকার অবদা সড়কের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে মো. অলিউল্লাহ হাওলাদার (৩০) এবং বরগুনা জেলার আমতলী পৌরসভার আনোয়ারের ছেলে মো. জাকারিয়া (২৮)।
ফতুল্লা মডেল থানার এএসআই মো. মোজ্জামেল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য জড়িতদের ধরতে আইনগত কার্যক্রম চলছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ডাকাতির প্রস্তুতিকালে মো. অলিউল্লাহ হাওলাদার ও মো. জাকারিয়াসহ অজ্ঞাত আরও ৭-৮ জন ঘটনাস্থলে অবস্থান করছিল। এ সময় অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে আটক করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার চাকু, একটি স্টিলের চাপাতি, একটি ধারালো ছোট চাকু, একটি গ্যাস লাইটার, একটি হিটার, গেট ও গ্রিল কাটার যন্ত্র, নগদ ৮ লাখ টাকা এবং ৩৯.৭২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।







