দুই লেগ মিলিয়ে দাপুটে পারফরম্যান্স—বেনফিকাকে হারিয়ে সহজেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগে বেনফিকাকে ২-১ গোল ব্যবধানে পরাজিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। প্রথম লেগে ১-০ ব্যবধানে জয়ের সুবাদে দুই ম্যাচ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আলভারো আরবেলোয়ার দল।
প্রথম লেগে বেনফিকার মাঠে এক গোলের লিড নিয়েছিল রিয়াল। তাই দ্বিতীয় লেগে তাদের মূল লক্ষ্য ছিল হার এড়িয়ে যাওয়া। তবে সান্তিয়াগো বার্ন্যাবুতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্বাগতিকরা। ম্যাচের ৬২ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ শিরোপাধারী ক্লাবটি এবং প্রতিপক্ষের লক্ষ্য করে নেয় মোট ১৬টি শট, যার মধ্যে দুটি থেকে আসে গোল।
অন্যদিকে বেনফিকা বলের দখল রাখে ৩৮ শতাংশ সময় এবং তারা মোট ১২টি শট নেয়, যার একটি জালে জড়ায়।
নিজেদের মাঠে খেলতে নেমেও ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৪তম মিনিটে রুই সিলভার গোলে এগিয়ে যায় বেনফিকা, স্তব্ধ হয়ে যায় গ্যালারি।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি স্বাগতিকদের। মাত্র দুই মিনিট পরই সমতায় ফেরে রিয়াল। ১৬তম মিনিটে ফেডেরিকো ভালভার্দের বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশে গোল করেন অরেলিয়েন চুয়োমেনি। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের তীব্রতা বাড়ায় দুই পক্ষই। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় রিয়াল মাদ্রিদ। একের পর এক সুযোগ তৈরি করলেও ফিনিশিং দুর্বলতায় গোল আসছিল না।
অবশেষে ৮০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচে দ্বিতীয়বারের মতো অ্যাসিস্ট করেন ফেডেরিকো ভালভার্দে, আর তার পাস থেকে সহজেই বল জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখেই জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
এই জয়ের মধ্য দিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা করে নিল ইউরোপের সফলতম ক্লাবটি।







