ফুটবল বিশ্বকাপের জন্য চার মাসেরও কম সময় বাকি, আর দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু ফ্রান্স শিবিরে শঙ্কার কারণে আনন্দ একটু কম। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে হাঁটুর চোট নিয়ে বিশ্বকাপে অংশ নেবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ডিসেম্বর থেকে এমবাপের বাঁ হাঁটুর একটি লিগামেন্টে প্রদাহ আছে। প্রায় ছয় সপ্তাহ ধরে তিনি কার্যত ‘এক পায়ে’ খেলছেন। গতিই তাঁর প্রধান শক্তি, তাই এই চোট তার জন্য বড় ধাক্কা।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকুইপ জানিয়েছে, এমবাপেকে দ্রুত ফিট রাখতে এবং চোটকে আরও গুরুতর হওয়া থেকে রক্ষার জন্য তিনি এক ধরনের দ্রুতগতির চিকিৎসা কর্মসূচিতে যাচ্ছেন। এর অংশ হিসেবে লা লিগায় অন্তত তিনটি ম্যাচে তার খেলা অনিশ্চিত। বিশ্রাম ও পুনর্বাসনের পর হাঁটু কতটা স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে পায়, তা চিকিৎসকরা পর্যবেক্ষণ করবেন।
এখন লক্ষ্য একটাই—চার মাসেরও কম সময়ের মধ্যে বিশ্বকাপে এমবাপেকে পুরোপুরি ফিট রাখা। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে সময়ের সঙ্গে লড়ছেন। আন্তর্জাতিক ফুটবলে অ্যান্তোনিও গ্রিজম্যান অবসরের পর ফ্রান্স দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এমবাপে, তাই এখন তিনিই দলটির প্রাণভোমরা।
রিয়াল মাদ্রিদ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে অনুশীলনে তার অনুপস্থিতি এবং গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলা এই বিষয়টি ইঙ্গিত দিচ্ছে। রিয়াল কোচকে শুধু এমবাপের চোট নিয়ে চিন্তা করতে হচ্ছে না, দলের অন্য তারকাদের শূন্যতা নিয়েও মাথা ঘামাতে হচ্ছে। চোটে আছেন জুড বেলিংহ্যাম ও মিলিটাও। আর চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার কারণে দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড রদ্রিগোও অনুপস্থিত।
ফ্রান্স ও রিয়ালের জন্য এখন এমবাপের ফিট থাকা এবং বিশ্বকাপে তার প্রস্তুতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।







