আর্কাইভ
ads
logo

বিশ্বকাপে খারাপ খেলায় পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২ মার্চ ২০২৬, ০২:১৭ পি.এম
বিশ্বকাপে খারাপ খেলায় পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা

ads

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়দের বড় অঙ্কের জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় দলের প্রত্যেক সদস্যকে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা গুনতে হচ্ছে। বিষয়টি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

চলতি আসরে পাকিস্তান মোট ছয়টি ম্যাচ খেলেছে। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে জয় পেলেও ভারতের কাছে হেরে যায় দলটি। সুপার এইট পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও বড় ব্যবধানে জিততে না পারায় সেমিফাইনালে ওঠার আগেই বিদায় নিতে হয় সালমান আগার দলকে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ৬১ রানের পরাজয়ের পরই খেলোয়াড়দের জরিমানার সিদ্ধান্ত নেয় পিসিবি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বোর্ড কর্মকর্তারা খেলোয়াড়দের স্পষ্টভাবে জানিয়েছেন যে আগের মতো আর বাড়তি সুবিধা দেওয়া হবে না; ভবিষ্যতে পারফরম্যান্সের ভিত্তিতেই আর্থিক সুবিধা নির্ধারণ করা হবে।

সূত্র আরও জানায়, ইতোমধ্যে দলের প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে ৫০ লাখ রুপি করে জরিমানা আদায় করা হয়েছে। পিসিবির অবস্থান হলো—ভালো পারফরম্যান্সের জন্য যেমন পুরস্কার দেওয়া হয়, তেমনি খারাপ ফলের জন্যও জবাবদিহি থাকতে হবে। ভারতের বিপক্ষে হারের পরই দলকে এ সিদ্ধান্ত জানানো হয়েছিল।

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ পারিশ্রমিক পান। ‘এ’ ক্যাটাগরির একজন খেলোয়াড় মাসে ৪৫ লাখ রুপি বেতনের পাশাপাশি আইসিসির রাজস্ব থেকে ২০.৭ লাখ রুপি পান। আর ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়েরা মাসিক ৩০ লাখ রুপি বেতনের সঙ্গে আইসিসির অংশ হিসেবে ১৫.৫২৫ লাখ রুপি পান।



ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ