মেক্সিকোর কিছু অঞ্চলে ড্রাগ কার্টেলের সহিংসতা ছড়িয়ে পড়লেও বিশ্বকাপ ফুটবল আয়োজন নিয়ে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি অত্যন্ত আশ্বস্ত, সব কিছু ঠিক আছে। বিশ্বকাপ দারুণ সফল হবে।”
এই মন্তব্য আসে সেই সময়, যখন মাদক সম্রাট নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেনাবাহিনীর অভিযানে নিহত হওয়ার পর তার অনুসারীরা মেক্সিকো জুড়ে তাণ্ডব চালায়। এই সহিংসতায় গুয়াদালাহারা এবং অন্যান্য শহরে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। দেশটির ৩২টি রাজ্যের মধ্যে ২০টিতে কার্টেল সদস্যরা রাস্তা অবরোধ ও যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ চালায়।
তবুও ইনফান্তিনো জানান, ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল উৎসব নিরাপদ এবং আয়োজন সফল হবে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমও আগে থেকেই নিশ্চিত করেছেন, বিদেশি দর্শকদের জন্য কোনো ঝুঁকি নেই এবং তাদের নিরাপত্তা পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বের চারটি ম্যাচের ভেন্যু হবে জলিস্কো রাজ্যের রাজধানী গুয়াদালাহারা, যার মধ্যে অন্যতম হলো উরুগুয়ে বনাম স্পেনের প্রতিক্ষিত ম্যাচ। এছাড়া মার্চের শেষে বিশ্বকাপের শেষ দুটি দল নির্ধারণী প্লে-অফ টুর্নামেন্টও মন্টেরির সঙ্গে যৌথভাবে এই শহরে আয়োজন করা হবে।







