বিশ্ব ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অনন্য এক উচ্চতায় পৌঁছালেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।
গতকাল বৃহস্পতিবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচে বিরল এক ‘ডাবল’ পূর্ণ করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিন হাজার রান ও ১০০ উইকেটের মালিক হওয়ার গৌরব অর্জন করলেন এই জিম্বাবুইয়ান অধিনায়ক।
চেন্নাইয়ে ভারতের পাহাড়সম ২৫৭ রান তাড়ায় নেমে জিম্বাবুয়ের ইনিংসের ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের বলে বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত ১৫ রান পূর্ণ করার মাধ্যমেই এই মাইলফলক স্পর্শ করেন রাজা। শেষ পর্যন্ত ১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩১ রানের একটি কার্যকর ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কার মার।
রাজার আগে এই বিরল কীর্তির মালিক ছিলেন কেবল মালয়েশিয়ার ক্রিকেটার বীরান্দীপ সিং। ২৬ বছর বয়সী বীরান্দীপ ১১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩১৮০ রান ও ১০৯টি উইকেটের মালিক। সিকান্দার রাজা এখন পর্যন্ত ১৩২টি ম্যাচ খেলে ৩০১৬ রান এবং ১০৪টি উইকেট সংগ্রহ করেছেন।
জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার এবং বিশ্বের ১৪তম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে তিন হাজার রানের গণ্ডি পার করলেন রাজা। অলরাউন্ড নৈপুণ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই ক্রিকেটারের হাত ধরে জিম্বাবুয়ে ক্রিকেটে যোগ হলো নতুন এক পালক।







