আর্কাইভ
ads
logo

দীর্ঘ ২৩ বছর পর আগস্টে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ এ.এম
দীর্ঘ ২৩ বছর পর আগস্টে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

ads

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান। ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সূচি অনুযায়ী, প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট, ডারউইনের Marrara Stadium-এ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট, কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের Great Barrier Reef Arena-এ।

ম্যাকাইয়ে এটিই হবে প্রথম টেস্ট ম্যাচ, আর গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা যুক্ত হবে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যুর তালিকায়। অন্যদিকে ডারউইনে ২২ বছর পর ফিরছে টেস্ট ক্রিকেট। সর্বশেষ ২০০৪ সালের জুলাইয়ে সেখানে টেস্ট অনুষ্ঠিত হয়েছিল, যখন মারারা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া।

বাংলাদেশ এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ডারউইনে একটি টেস্ট খেলেছিল। সেই দুই ম্যাচের সিরিজে খালেদ মাহমুদের নেতৃত্বাধীন দল দুটি ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল। এবারই দ্বিতীয়বারের মতো এবং ২৩ বছর পর আবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

দুই দলের সর্বশেষ টেস্ট লড়াই হয়েছিল ২০১৭ সালে। ২০২০ সালের মাঝামাঝি বাংলাদেশে সিরিজ আয়োজনের কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে তা বাতিল হয়।

আসন্ন দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রের অন্তর্ভুক্ত। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়েই শুরু হবে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট মৌসুম। সিএর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, “এটা গোপন কিছু নয় যে আন্তর্জাতিক সূচি এখন ব্যস্ততাপূর্ণ। তবে আগস্টে বিশ্বমানের ভেন্যু পাওয়ায় আমরা সৌভাগ্যবান। এতে গ্রীষ্মকালীন মৌসুমের বাইরে টেস্ট ক্রিকেট আয়োজনের আরেকটি সুযোগ তৈরি হয়েছে।”

গত জানুয়ারিতে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানোর পর এটিই হবে অস্ট্রেলিয়া পুরুষ দলের প্রথম টেস্ট সিরিজ। বাংলাদেশ সিরিজ শেষে আগামী অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। ডারবান, গেবারা ও কেপটাউনে অনুষ্ঠিত হবে সেই তিন টেস্ট। সফরের অংশ হিসেবে জিম্বাবুয়েতে একটি ওয়ানডে সিরিজও খেলবে তারা।

এরপর ঘরের মাঠে ফিরবে অস্ট্রেলিয়া। প্রথমে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ, তারপর টেস্টে নিউজিল্যান্ডের মোকাবিলা করবে তারা। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে।

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মার্চে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে (এমসিজি) ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্টে খেলবে অস্ট্রেলিয়া। আর চলতি বছরের জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরেও আসবে অস্ট্রেলিয়া দল।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ