আর্কাইভ
ads
logo

অস্ট্রেলিয়ার পর লঙ্কা বধ, অপরাজিত জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পি.এম
অস্ট্রেলিয়ার পর লঙ্কা বধ, অপরাজিত জিম্বাবুয়ে

ছবিঃ সংগৃহীত

ads

টি-টোয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য পথচলা অব্যাহত রেখেছে জিম্বাবুয়ে। ওমান ও শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকেও স্তব্ধ করে দিল রোডেশীয়রা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় আগেই সুপার এইট নিশ্চিত হয়েছিল সিকান্দার রাজাদের, আর লঙ্কানদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের পর্বে পা রাখল তারা।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আয়ারল্যান্ড এবং তলানিতে রয়েছে অস্ট্রেলিয়া ও ওমান।

কলম্বোয় অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা ৫৪ রান তুলে দারুণ সূচনা এনে দেন। নিশাঙ্কা ফিফটি হাঁকিয়ে ৬২ রানে থামেন। কুশল পেরেরা ১৪ বলে ২২ এবং পাভান রত্নায়েক ২৫ বলে ঝোড়ো ৪৪ রান করলেও বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন।

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়েকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। ৬৯ রানের উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত তৈরি হয়। ওপেনার তাদিওয়ানসে মারুমানি ২৬ বলে ৩৪ রান করে বিদায় নেওয়ার পর দ্রুত ১২ বলে ২৩ রান যোগ করেন রায়ান বার্ল। এরপর দলের হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। ২৬ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি জয়ের সমীকরণ সহজ করে দিয়ে সাজঘরে ফেরেন।

অধিনায়ক বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ব্রায়ান বেনেট। ৬৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। শেষ দিকে টনি মুনিয়োঙ্গার অপরাজিত ৮ রানের সৌজন্যে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই লঙ্কানদের বিপক্ষে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ