নিকাহ রেজিস্ট্রার নিয়োগে কাজিদের সন্তানদের অগ্রাধিকার দেওয়ার বিধান নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এ সংক্রান্ত একটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।
রোববার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
যে ধারাটি নিয়ে বিতর্ক
২০০৯ সালের ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা’র ৬ নম্বর বিধির উপবিধি ৬(ক) অনুযায়ী, কোনো সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এলাকায় দায়িত্বে থাকা নিকাহ রেজিস্ট্রার (কাজি) মৃত্যুবরণ করলে বা অবসরে গেলে এবং তার লাইসেন্সের মেয়াদ শেষ হলে, বিধি ৮-এ নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে তার ছেলেকে লাইসেন্স প্রদানে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
এই বিধানকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা রিট আবেদনের পর আদালত জানতে চেয়েছেন—কেন এই উপবিধিকে অবৈধ ঘোষণা করা হবে না।
সরকারের প্রতি আদালতের নির্দেশ
রুলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে আইন সচিবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আদালত জানতে চেয়েছেন, সংশ্লিষ্ট বিধানটি আইনসঙ্গত কি না এবং তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।
রিটে যা বলা হয়েছে
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রোকনুজ্জামান জনস্বার্থে রিটটি দায়ের করেন। আবেদনে উল্লেখ করা হয়, ২০০৯ সালের বিধিমালার ৬(ক) উপবিধি বৈষম্যমূলক ও অসাংবিধানিক। কারণ হিসেবে বলা হয়েছে, এই বিধান আইনের দৃষ্টিতে সমান সুযোগ পাওয়ার অধিকারকে খর্ব করে এবং অন্য যোগ্য প্রার্থীদের সুযোগ থেকে বঞ্চিত করে।







