চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদলকর্মী মোহাম্মদ মুজিব হত্যার ঘটনায় মূল আসামি মো. নাঈমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের ঘটনার পরপরই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাউজান থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা, তথ্য-উপাত্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণ করা হয়।”
ওসি আরও জানান, “তদন্তের ধারাবাহিকতায় সম্ভাব্য স্থানে রাতব্যাপী অভিযান চালানো হয়। সেই অভিযানের এক পর্যায়ে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামী থানার বায়েজিদ মাজার গেট এলাকা থেকে মামলার প্রধান আসামি নাঈমকে (২৭) গ্রেপ্তার করা হয়। জড়িত অন্যান্য আসামি ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, “২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাউজান পূর্ব গুজরা ইউনিয়নের মধ্যম আধার মানিক গ্রামের অলিমিয়া হাট এলাকায় পূর্ব বিরোধের জেরে কয়েকজন দুর্বৃত্ত মোহাম্মদ মুজিবকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মৃত্যুর পর নিহতের স্ত্রী বাদী হয়ে চিহ্নিতসহ ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাউজান থানায় মামলা দায়ের করেন।







