আর্কাইভ
ads
logo

কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতপরিচয় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পি.এম
কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতপরিচয় শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ads

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন একটি খোলা ড্রেনের ম্যানহোলে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কের পাশে পানি নিষ্কাশন ড্রেনের ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে শিশুটি নিখোঁজ হয়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সড়কের পাশে থাকা গভীর ওই ড্রেনের একটি ম্যানহোল দীর্ঘ দিন ধরে খোলা অবস্থায় ছিল। অজ্ঞাতপরিচয় শিশুটি পথ চলার সময় অসাবধানতাবশত ওই গর্তে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ম্যানহোলের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের পরপরই পরীক্ষা করে দেখা যায় শিশুটি আর বেঁচে নেই। পরে তার মরদেহ কালিয়াকৈর থানা পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

নিহত শিশুটির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তার পরনে খয়েরি রঙের প্যান্ট ও কালো জ্যাকেট ছিল বলে জানিয়েছে পুলিশ। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, দীর্ঘ প্রচেষ্টায় মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য সম্ভাব্য সব ধরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জনবহুল এলাকায় এভাবে ড্রেনের ঢাকনা খোলা রাখায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ