গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘাত বাঁধে। সংঘর্ষের একপর্যায়ে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ে এবং রাস্তার পিচের সঙ্গে প্রচণ্ড ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণ থেকে উৎপন্ন স্ফুলিঙ্গ দ্রুত বাসে ছড়িয়ে পড়লে মুহূর্তেই আগুন ধরে যায়।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরণ মিয়া জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়।
পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় যান চলাচল শুরু হয়। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।







