সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও অঙ্গহানির শিকার খুলনা বিভাগের তিন জেলার ৪৬ জন ব্যক্তির পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ৯৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ক্ষতিগ্রস্তদের এই অনুদান প্রদান করা হয়।
চেক প্রাপ্তদের মধ্যে খুলনা জেলার ২৩ জন, সাতক্ষীরা জেলার ১৩ জন এবং বাগেরহাট জেলার ১০ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগীদের হাতে এসব চেক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দুর্ঘটনা নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতার পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগ করা অপরিহার্য। পরিসংখ্যানে দেখা গেছে, দেশের সড়ক দুর্ঘটনার ৭০ শতাংশই মোটরসাইকেলের কারণে ঘটে। তাই বাইক চালানোর সময় হেলমেট পরিধানের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি আরও জানান, চালকদের পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে গাড়ির গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে তিনি চালকদের প্রতি আহ্বান জানান।
খুলনার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিএর পরিচালক (অডিট ও আইন) রুবায়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ এবং খুলনা বিআরটিএর পরিচালক (ইঞ্জি) মো. জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। বিআরটিএর উপপরিচালক তানভীর আহমেদের সঞ্চালনায় খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করে।







