আর্কাইভ
ads
logo

সাতসকালে কাঁচাবাজারে চাঁদাবাজি, গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পি.এম
সাতসকালে কাঁচাবাজারে চাঁদাবাজি, গ্রেপ্তার ৯

ছবিঃ সংগৃহীত

ads

কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দেশের অন্যতম বৃহৎ পাইকারি সবজি বাজার নিমসারে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে সবজিবাহী যানবাহন থেকে অবৈধভাবে অর্থ আদায়ের সময় তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আবদুর রব, আবুল বাসার, জাকারিয়া ইসলাম, মো. আনোয়ার, বিল্লাল হোসেন, নেসার উদ্দিন, মো. ইব্রাহিম, সাব্বির হোসেন ও মো. জুয়েল।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বুড়িচং থানা পুলিশ যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত ভুয়া রসিদ বই এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সবজিবাহী ট্রাক থেকে ২৮০০ টাকা, লেগুনা থেকে ১৫০০ টাকা এবং ছোট যানবাহন থেকে ১০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছিল। এছাড়া অটোরিকশা ও ছোট গাড়ি থেকেও নিয়মিত ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দাবি করত এই চক্রটি।

বাজারের সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেন, নিমসারের মতো বিশাল কাঁচাবাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র কোটি কোটি টাকার চাঁদাবাজি চালিয়ে আসছে। প্রায়ই প্রশাসনের অভিযানের ফলে এই অপতৎপরতা সাময়িকভাবে বন্ধ হলেও কয়েকদিন পর আবারও ভিন্ন কৌশলে তারা সক্রিয় হয়ে ওঠে। পরিবহন চালক ও আড়তদাররা এই চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একটি শক্তিশালী দল বাজারে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিকেলেই আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। বাজার এলাকায় চাঁদাবাজি নির্মূলে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ