চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে জনপ্রিয় রেস্টুরেন্ট ‘কাচ্চি ডাইন’-কে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার চকবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক জানান, রেস্টুরেন্টটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণের স্থানে চরম অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়েছে। সরেজমিনে দেখা যায়, যে স্থানে গ্রাহকদের খাবার তৈরি হচ্ছে সেখানে অবাধে তেলাপোকা ও ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। এছাড়া রান্নাঘরের মেঝে ছিল স্যাঁতসেঁতে ও নোংরা। এ ধরনের পরিবেশে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের পাশাপাশি আরও বেশ কিছু প্রশাসনিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—কাঁচামাল কেনাকাটার রসিদ সংরক্ষণ না করা, রান্নাঘরে কর্মরত কর্মীদের কোনো স্বাস্থ্য সনদ না থাকা এবং তাদের নিজস্ব তৈরি ‘মাওয়া’ নামক পণ্যের মোড়কে নিয়মানুযায়ী লেবেল ব্যবহার না করা।
ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নগদ ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।







