আর্কাইভ
ads
logo

পিরোজপুরে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পি.এম
পিরোজপুরে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

ছবিঃ সংগৃহীত

ads

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে পিরোজপুরে বাজার তদারকি কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর পৌর বাজারে এই অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা।

বাজার পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন করা, অতিরিক্ত দাম না রাখা এবং মালামাল মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি কড়া নির্দেশনা দেন। এ সময় বারবার সতর্ক করার পরেও আইন অমান্য করায় পাঁচ অসাধু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে ভেজাল গুড় ও লেবেল বিহীন পণ্য বিক্রি এবং বাজারের চলাচলের পথ দখল করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ প্রমাণিত হয়েছে।

অভিযানের অংশ হিসেবে বাজারের ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে তোলা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া অন্যান্য অবৈধ দখলদারদের দ্রুত সময়ের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় এই মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। অভিযানে ব্যবসায়ীদের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ফুটপাত দখলের মতো নানা অসংগতি পাওয়া গেছে। সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সেজন্য পুরো রমজান মাস জুড়ে জেলা প্রশাসনের এই কঠোর তদারকি অব্যাহত থাকবে।

অভিযান চলাকালীন পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েদ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহানসহ ব্যবসায়ী নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ