সারাদেশে খুন, ছিনতাই ও কিশোর গ্যাং কালচারসহ বিভিন্ন গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে বিশেষ আইনশৃঙ্খলা কমিটি গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এই কমিটি ৩১ জন সদস্য নিয়ে গঠিত হয়েছে।
নবগঠিত এই কমিটির প্রধান লক্ষ্য হবে সংশ্লিষ্ট জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং অপরাধ পর্যালোচনার মাধ্যমে জনজীবন স্বাভাবিক রাখা। কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, সমাজবিরোধী ও অপরাধী চক্রের তৎপরতা রুখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে জেলা পর্যায়ে সংঘটিত খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড সহিংসতা, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাং এবং মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে এই কমিটি সরাসরি কাজ করবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অপরাধ দমনে সাধারণ মানুষকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করার পাশাপাশি পুলিশ, আনসার ও ভিডিপির মতো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনে কমিটি সহায়তা দেবে। এছাড়া কমিটির পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সুপারিশ সরকার ও বিভাগীয় কমিটির কাছে পাঠানো হবে। স্থানীয় প্রেক্ষাপট বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেটরা চাইলে যেকোনো সরকারি দপ্তরের প্রধানকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন। কমিটির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসে অন্তত একবার সভা অনুষ্ঠিত হবে, যেখানে পুলিশ সুপারকে প্রয়োজনীয় তথ্যসহ উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।







