ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদী তীরবর্তী এলাকা থেকে আমীর হোসেন (৪২) নামের এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ধরাভাঙ্গা এমপি টিলা এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমীর হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তিনি রায়পুরার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও শৈশব থেকেই বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন।
নবীনগর থানা ও সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গভীর রাতে নদীর পাড়ে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। আঘাতের ধরণ দেখে পুলিশ ধারণা করছে, তাকে অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে বা আঘাত করে হত্যা করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত আমীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট থানায় পাঁচটি মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।







