চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রকাশ্য দিবালোকে সন্ধ্যা রানী শর্মা (৫৮) নামের এক নারীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড বাজার সংলগ্ন বৌদ্ধ মহাশ্মশান এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। হামলায় আহত ওই নারী সীতাকুণ্ডের হাতিলোটা এলাকার প্রয়াত উমেশ শর্মার কন্যা।
ভুক্তভোগী জানান, তিনি ফেনীর শ্বশুরবাড়ি থেকে বুধবার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার দুপুরে প্রয়োজনীয় কাজে বাড়বকুণ্ড বাজারে যাওয়ার সময় মহাশ্মশান এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুই ছিনতাইকারী তার পথ আগলে ধরে। এ সময় তারা পিস্তল ঠেকিয়ে তার কানের দুল, নাকফুল, মোবাইল ফোন এবং ব্যাগে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে শারীরিক নির্যাতন করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, এই ঘটনার সঙ্গে সামির ও রাজু নামের দুই চিহ্নিত অপরাধী জড়িত। তারা ওই এলাকায় নিয়মিত ছিনতাই ও মাদকসহ নানা অপকর্মের সঙ্গে যুক্ত। মহাসড়কে ডাকাতি ও চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় আগে থেকেই একাধিক মামলা রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, মৌখিকভাবে বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ামাত্রই আসামিদের গ্রেফতারে চিরুনি অভিযান চালানো হবে।







