রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ভাটারা থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মাহমুদা আক্তার জেরিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার খোরশেদ আলীর মেয়ে। পরিবারের সঙ্গে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ‘সি’ ব্লকের একটি ছয়তলা বাসায় থাকতেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে জেরিনের নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। জেরিনের মামা মহসিনও ভাগ্নির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এসআই আব্দুল ওয়াদুদ আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







