শিক্ষাসংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর তদারকি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করেন। ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নে এই সভার আয়োজন করা হয়।
বৈঠকে গত ২৭ জানুয়ারির সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করার পাশাপাশি বর্তমানে চলমান বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখতে হলে শুধুমাত্র দাপ্তরিক কাজ নয়, বরং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি আরও জোরদার করতে হবে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে এবং গতিশীলতা আনতে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও তিনি দিকনির্দেশনা দেন।
সভায় মন্ত্রণালয়ের আওতাধীন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪), চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প, প্রাথমিক বিদ্যালয়ে ক্লাব স্কাউটিং সম্প্রসারণ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং প্রকল্প পরিচালকরা সভায় অংশগ্রহণ করেন।







