দীর্ঘ ১৮ মাসের বিরতি কাটিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মধ্যে সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা আবারও চালু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কলকাতা থেকে যাত্রী নিয়ে যাত্রা শুরু করা ‘রয়্যাল মৈত্রী’ বাসটি মঙ্গলবার সকালে ঢাকা হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছানোর মাধ্যমে এই নতুন যাত্রার সূচনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের বরাতে জানা গেছে, প্রথম যাত্রায় ২০ জন যাত্রী নিয়ে বাসটি গন্তব্যে পৌঁছায়। আগরতলা-আখাউড়া সমন্বিত চেকপোস্টে (আইসিপি) বাসটি পৌঁছালে যাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ত্রিপুরা সড়ক পরিবহন কর্পোরেশনের (টিআরটিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার পরিবহন মন্ত্রী বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই এই গুরুত্বপূর্ণ বাস রুটটি চালু হওয়া অত্যন্ত আনন্দের। তিনি আশা প্রকাশ করেন, এই পরিষেবা পুনরায় চালুর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক ও সাংস্কৃতিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। এই বাস যোগাযোগকে তিনি পারস্পরিক আস্থা ও সহযোগিতার প্রতীক হিসেবে অভিহিত করেন।
টিআরটিসি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় জানান, কলকাতা-ঢাকা-আগরতলা রুটের পাশাপাশি আগরতলা-ঢাকা বাস পরিষেবাও খুব দ্রুতই চালু হতে যাচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ৩৫ আসনের সরকারি বাসটি সপ্তাহে তিন দিন আগরতলা থেকে ছাড়বে এবং পশ্চিমবঙ্গের আরেকটি বাস সপ্তাহে তিন দিন কলকাতা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতিতে বাস অপারেটররা পরিষেবা বন্ধ রেখেছিলেন। তবে নতুন সরকারের অধীনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এবং বাণিজ্যিক পরিবেশ অনুকূলে থাকায় পুনরায় এই গুরুত্বপূর্ণ সংযোগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







