ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে এক বাক্প্রতিবন্ধী তরুণীকে (২৫) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ গ্রামের মো. রাকিব (৩০) ও মো. জুয়েল (৩৫) এবং মাওলাকান্দি এলাকার আল-আমিন ওরফে সম্রাট (২০)। মঙ্গলবার সকালে তজুমদ্দিন থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি রোববার রাতে ওই নারী স্থানীয় একটি ধর্মীয় অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন। পথে অভিযুক্তরা তাকে প্রলোভন দেখিয়ে একটি অটোরিকশায় তুলে নেয়। এরপর নির্জন স্থানে নিয়ে তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করা হয়। পাশবিকতা শেষে অভিযুক্তরা তাকে শশীগঞ্জ এলাকার রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই জঘন্য অপরাধের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। এই ঘটনায় দায়ের করা মামলার অন্য পলাতক আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।







