চাঁদপুরের মতলব দক্ষিণে ধনাগোদা নদী পারাপারের সময় বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মতলব খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনায় এক শিশুসহ চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামের নুরে আলম (৯), তার বোন রাহেলা আক্তার লতা (১৯), ভগ্নিপতি সৌরভ (২১) এবং নৌকার চালক।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ধনাগোদা নদীর উত্তর পাড় থেকে নৌকায় করে মতলব বাজারে আসার পথে মাঝ নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলার সজোরে সেটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি সঙ্গে সঙ্গে ডুবে যায় এবং যাত্রীরা নদীতে ছিটকে পড়েন। পরে আশপাশের নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে কোনো প্রকার সংকেত বা আলো ছাড়াই অত্যন্ত দ্রুতগতিতে বালুবাহী ট্রলারটি চলছিল, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিব কিশোর বণিক জানান, আহতদের মধ্যে রাহেলা আক্তার লতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক রানা সাহা জানিয়েছেন, চিকিৎসাধীন সৌরভ ও রাহেলা দুজনের অবস্থাই উদ্বেগের। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, নৌকাডুবির বিষয়ে তাদের কাছে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।







