রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পানের বরজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই কৃষকের প্রায় দুই বিঘা জমির পানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিল এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় গ্রামের মসজিদে তারাবির নামাজ প্রায় শেষের দিকে ছিল। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে সাধারণ মানুষ ছুটে আসেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই এলাকাবাসী সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা এবং পারিলা গ্রামের গোলাম নবীর ১৮ কাঠা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, চৈত্র মাসে পানের ভালো দাম পাওয়ার আশায় এবং আসন্ন ঈদের খরচ জোগাতে তারা বরজে পান মজুত রেখেছিলেন। আগুনে তাদের প্রায় সাত লাখ টাকার সম্পদ চোখের পলকে ছাই হয়ে গেছে। শেষ সম্বল হারিয়ে দুই চাষি এখন দিশেহারা হয়ে পড়েছেন।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রওনা দিলেও মাঝপথে আগুন নিভে যাওয়ার সংবাদ পেয়ে ফিরে আসেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।







