আর্কাইভ
ads
logo

জামিনে মুক্তির ঘণ্টাখানেক পরেই নারায়ণগঞ্জে এক যুবক খুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ এ.এম
জামিনে মুক্তির ঘণ্টাখানেক পরেই নারায়ণগঞ্জে এক যুবক খুন

ads

কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার ঘণ্টাখানেকের মধ্যেই নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন ইমন (৩৯) নামে এক যুবক। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ প্রান্তে একটি বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘ কারাভোগ শেষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামিনে মুক্ত হয়ে বাসায় ফেরেন ইমন। কিছু সময় পর ফেরদৌস নামে এক ব্যক্তি ফোন করে তাকে গুদারাঘাট মিস্ত্রিবাগ এলাকায় যেতে বলেন। সেখানে পৌঁছালে ফেরদৌস তাকে জাহিদ ও ‘চক্ষু’ হৃদয়সহ আরও কয়েকজনের হাতে তুলে দেন—এমন অভিযোগ করেছে পরিবার।

অভিযোগ অনুযায়ী, সন্ত্রাসীরা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা সেখানেও তাকে অনুসরণ করে আবারও কুপিয়ে ফেলে রেখে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, অভিযুক্তদের একজন হৃদয়ও সম্প্রতি জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন। তিনি আগে ইমনের সঙ্গে ইলেকট্রিকের কাজ করতেন বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ