রমজানকে সামনে রেখে লক্ষ্মীপুরের দালাল বাজারে বাজার তদারকিতে নেমে ভ্রাম্যমাণ আদালত স্বপ্ন সুপার শপসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার দালাল বাজার এলাকায় পৃথক অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও হাবিবুর রহমান।
জেলা প্রশাসন জানায়, রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়। অভিযানে মূল্য তালিকা সংরক্ষণ না করায় ব্যবসায়ী মো. রুবেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় খলিলুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পণ্য সংরক্ষণের দায়ে স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন অনুযায়ী লাইসেন্স প্রদর্শন করতে না পারায় রাকিবুল হাসানকে ১০ হাজার টাকা এবং পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করায় সুমাইয়া বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভূঁইয়া বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা ও জনস্বার্থ সুরক্ষায় প্রশাসনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলবে।







