রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা লেনদেনকে কেন্দ্র করে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী নতুন আন্দোলন গড়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি বলেন, “গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”
শফিকুর রহমান আরও বলেন, “চাঁদার সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ হিসেবে গণ্য হয়। নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এর দায় সংশ্লিষ্ট সকলের ওপর বর্তায়।”
তিনি প্রশ্ন তুলেন, “মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে? না, আমরা তা মেনে নিতে পারি না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।”
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, “দেশকে যারা ভালোবাসেন, তাদের সবার প্রতি আমাদের একই কথা—চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ।”







