বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এবারের প্রতিযোগিতায় আওয়ামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বর্তমানে তিনি কারাবন্দি থাকলেও তাঁর সমর্থকরা সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন। সমর্থকদের ভাষায়, তিনি ‘অকুতোভয় জননেতা’, যিনি হত্যা, জেল-জুলুম, লুণ্ঠন ও মব জাস্টিসের বিরুদ্ধে সরব কণ্ঠস্বর তুলে আসছেন।
তারা আরও দাবি করছেন, সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কারাগারের অন্ধকার থেকে তিনি আইনি অঙ্গনের মর্যাদা রক্ষায় লড়াই চালাচ্ছেন।
ব্যারিস্টার সুমন বর্তমানে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় কারাগারে রয়েছেন। এর আগে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করেন।







