মাদারীপুরের কালকিনিতে দীর্ঘদিন বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গভীর রাতে প্রবেশ করে কেক কাটা ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
জানা গেছে, শনিবার গভীর রাতে কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী তালা খুলে কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেন। ভেতরে তারা কেক কাটেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্মীরাই কেক কাটার ভিডিও নিজেদের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ মাস ধরে কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি বন্ধ ছিল। দীর্ঘদিন সেখানে কোনো কার্যক্রমও চলেনি। তবে শনিবার গভীর রাতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের ছেলে, ছাত্রলীগ নেতা সুপ্রিতের নেতৃত্বে কয়েকজন কর্মী-সমর্থক কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন।
পরে তারা কার্যালয়ের দেয়ালে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানান। এরপর মোমবাতি জ্বালিয়ে কেক কেটে উদ্বোধনের মতো আয়োজন করেন এবং ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। কিছু সময় পর তারা দ্রুত সেখান থেকে চলে যান।
এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. পলাশসহ কয়েকজন নিজেদের ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, গভীর রাতে হঠাৎ কিছু লোক আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে এবং অল্প সময়ের মধ্যেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।







