আর্কাইভ
ads
logo

বসিলায় চাঁদাবাজ ‘কালা ফারুক’ গ্রেপ্তার, এলাকাজুড়ে পুলিশের মাইকিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পি.এম
বসিলায় চাঁদাবাজ ‘কালা ফারুক’ গ্রেপ্তার, এলাকাজুড়ে পুলিশের মাইকিং

ads

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে চিহ্নিত সন্ত্রাসী ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে এলাকায় এনে চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি মাইকিং করে কঠোর বার্তা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশপাশের এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ফারুক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে ভয়ভীতি দেখাচ্ছিল। সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ দায়ের করলে পুলিশ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু করে। এ সময় তার হুমকির একাধিক সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসি আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ফারুক স্থানীয়ভাবে পরিচিত চাঁদাবাজ। তাকে সঙ্গে নিয়েই এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করা হচ্ছে, যাতে অন্য সন্ত্রাসী ও দখলবাজদের জন্য এটি সতর্কবার্তা হিসেবে কাজ করে। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

অভিযান–সংশ্লিষ্ট সূত্র জানায়, বসিলার বিভিন্ন দোকান ও মার্কেটে চাঁদা দাবি ও হুমকির ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর ফারুক আত্মগোপনে চলে যায়। পরে কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ নিজ হাতে মাইকিং করেন। মাইকিংয়ে ওসি বলেন, "আপনারা কাউকে চাঁদা দিবেন না এই দেখেন চাঁদাবাজকে ধরেছি। কোথাও চাঁদাবাজ পেলে তাকে ধরে আমাদের খবর দেবেন।"

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ