আর্কাইভ
ads
logo

মাদারীপুরে টর্চলাইট নিয়ে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণে আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পি.এম
মাদারীপুরে টর্চলাইট নিয়ে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণে আহত ২

ছবিঃ সংগৃহীত

ads

মাদারীপুর সদর উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত ১টা পর্যন্ত সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এই দফায় দফায় সংঘর্ষ চলে। অন্ধকার রাতে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল কিশোর ও তরুণ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছে। সংঘর্ষের সময় অন্তত শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়, যার শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা বালতিতে করে হাতবোমা বহন করে এনে প্রতিপক্ষের দিকে ছুড়ে মারছিল। এই সহিংসতায় অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন, যাদের বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার এবং হাসান মুন্সির অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত। গত দেড় মাসের মধ্যে এ নিয়ে মোট তিনবার একই ধরনের সংঘাতের ঘটনা ঘটল। বারবার সংঘর্ষের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মূলত এলাকার নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই বিবাদ চলছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এলাকায় পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ