আর্কাইভ
ads
logo

কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পি.এম
কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

ছবিঃ সংগৃহীত

ads

রাজবাড়ী সদর উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে কড়া পুলিশি পাহারায় এবং কোমরে রশি ও হাতে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন পাটোয়ারী। গত শনিবার রাতে সদর উপজেলার নিমতলা গ্রামে এই চিত্র দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

কারাগার ও পারিবারিক সূত্রে জানা গেছে, আলাউদ্দিনের বাবা শুকুর পাটোয়ারী শনিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। বাবার জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে জেলা প্রশাসক দেড় ঘণ্টার অনুমতি দেন। সেই অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়। জানাজাস্থলে নেওয়ার পর নামাজের সময় তার হাতকড়া খুলে দিলেও নিরাপত্তার খাতিরে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখে পুলিশ।

জানাজায় অংশ নেওয়া রাজবাড়ী জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মীকে এভাবে কোমরে রশি বেঁধে জানাজায় আনা অত্যন্ত অমানবিক। তারা এ ধরনের প্রতিহিংসার রাজনীতির অবসান এবং আলাউদ্দিনের বিরুদ্ধে থাকা মামলার সুষ্ঠু সমাধানের দাবি জানান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই জানাজা শেষে আলাউদ্দিনকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে কোমরে রশি পরানোর বিষয়টি কারাবিধির বিষয় বলে তিনি উল্লেখ করেন। জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির জানান, পুলিশের মাধ্যমেই তাকে নির্দিষ্ট সময়ের জন্য জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর যৌথ বাহিনীর একটি অভিযানে নিজ এলাকা থেকে একটি বিদেশি রিভলভার ও রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হলে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। প্রায় আড়াই মাস ধরে তিনি সেই মামলায় রাজবাড়ী জেলা কারাগারে বন্দি রয়েছেন।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ