আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি (সোমবার ও মঙ্গলবার) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে সংস্থাটি এই পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সপ্তাহের শুরুর দিকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও শেষ দিকে উপকূলীয় ও মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং শনিবার তা আবার কিছুটা বাড়তে পারে। তবে এই দুই দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী রোববারও আবহাওয়া পরিস্থিতির বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
বৃষ্টির পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরদিন মঙ্গলবার বৃষ্টির পরিধি আরও বেড়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও তা বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে দমকা হাওয়াসহ বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমার ইঙ্গিত দেওয়া হয়েছে।







