পাবনার সাঁথিয়ায় মাদক ব্যবসা ও জুয়ার আসর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে আব্দুল গফুর (৮০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খয়েরবাড়িয়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত কছির প্রামাণিকের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, খয়েরবাড়িয়া গ্রামের আলিম ফকির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও জুয়ার কারবার চালিয়ে আসছিলেন। সম্প্রতি একই গ্রামের মানিক ও ময়েন নামক দুই ব্যক্তি পৃথকভাবে এই ব্যবসায় ভাগ বসাতে চাইলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এই আধিপত্য বিস্তারের জেরে বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আব্দুল গফুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাঁথিয়া হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন— ময়েন মোকছেদ, তার ছেলে সজীব এবং রুবিয়া নামের এক নারী। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
পুলিশ ইতোমধ্যে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।







