আর্কাইভ
ads
logo

বরগুনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পি.এম
বরগুনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

ছবিঃ সংগৃহীত

ads

বরগুনার আমতলী উপজেলায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ঘোপখালী গ্রামে দফায় দফায় চলা এই সহিংসতায় নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘোপখালী গ্রামের বাসিন্দা আব্দুল খালেক চৌকিদার এবং রহমান আকনের মধ্যে দেড় একরের বেশি জমি নিয়ে দীর্ঘ এক বছর ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে রহমান আকন তার অনুসারীদের নিয়ে ওই বিতর্কিত জমিতে চাষাবাদ করতে গেলে খালেক চৌকিদারের পক্ষ বাধা প্রদান করে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, আহতদের মধ্যে আব্দুল খালেক চৌকিদার, রহমান আকন, মালেক চৌকিদার, ইমরান চৌকিদার, ফরিদ গাজী, মহিবুল্লাহ, রফিক আকন ও শহীদুল আকনের আঘাত গুরুতর হওয়ায় তাদের বরিশালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া নুর জাহান, শারমিন, রুমা, মাকসুদা ও জাহানারা সহ আরও বেশ কয়েকজন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে আব্দুল খালেক চৌকিদার অভিযোগ করেন, তার ভোগদখলীয় জমিতে প্রতিপক্ষ জোরপূর্বক চাষাবাদ করতে এলে বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অন্যদিকে, রহমান আকন পাল্টাপাল্টি অভিযোগ করে জানান, জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের হামলায় তার পক্ষের লোকজন জখম হয়েছেন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে এবং বাকিরা স্থানীয় হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ