ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির জন্য বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু হয়েছে মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে। ফরম পূরণের শেষ সময় নির্ধারিত হয়েছে ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য পাঁচ দফা নির্দেশনা দিয়েছে, যা মেনে যথাযথভাবে বিষয় মনোনয়ন করতে হবে।
ভর্তিকমিটির এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
ফরম পূরণের সময়সূচি:
শুরু: ২৭ জানুয়ারি ২০২৬, বিকেল ৩:৩০ মিনিট
শেষ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৯ মিনিট
পাঁচ দফা নির্দেশনা:
একটি ফরম নিয়ম:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের জন্য একজন শিক্ষার্থীর ক্ষেত্রে একটিমাত্র বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম প্রযোজ্য। ইউনিটভিত্তিক আলাদা ফরম পূরণের প্রয়োজন নেই।খসড়া প্রস্তুতি:
শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের পূর্বে ভর্তিযোগ্য বিষয়গুলোর তালিকা দেখে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে বিষয় পছন্দক্রম খসড়া হিসেবে প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।ডিভাইস ব্যবহার:
বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের জন্য ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।একাধিক ফরম পূরণ:
নির্ধারিত সময়সীমার মধ্যে একজন শিক্ষার্থী একাধিকবার ফরম পূরণ করতে পারবেন। তবে এর মধ্যে শুধু একটি ফরমই গ্রহণযোগ্য হবে। একাধিকবার ফরম পূরণ করলে প্রথম পূরণকৃত ফরম স্বয়ংক্রিয়ভাবে গৃহীত বলে গণ্য হবে।পরবর্তীতে ফরম পরিবর্তন:
যদি কোনো শিক্ষার্থী প্রথম পূরণকৃত ফরমের পরিবর্তে পরে অন্য ফরম চূড়ান্তভাবে জমা দিতে চান, তবে সংশ্লিষ্ট ফরমটি ডাউনলোড করে স্বাক্ষরসহ উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশন কার্ডের কপিসহ ৩ কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং–২১৪, প্রশাসনিক ভবন) সশরীর উপস্থিত হয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রথম ফরমই চূড়ান্ত ও কার্যকর হিসেবে গণ্য হবে।







