আর্কাইভ
ads
logo

শিক্ষকদের অন্য পেশায় যুক্ত হতে লাগবে অনুমতি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পি.এম
শিক্ষকদের অন্য পেশায় যুক্ত হতে লাগবে অনুমতি: শিক্ষামন্ত্রী

ads

শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অনুমতি ছাড়া কেউ অন্য পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, বলেছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “শিক্ষকতা একটি দায়িত্বশীল ও পূর্ণকালীন পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের শ্রেণিকক্ষে পূর্ণ মনোযোগ দিতে হবে। শিক্ষকতার বাইরে অন্য কোনো পেশায় যুক্ত হতে হলে অবশ্যই নিয়ম মেনে অনুমতি নিতে হবে। নিয়ম ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, “গণমাধ্যম সচেতন ও নিষ্ঠার সঙ্গে যেসব প্রতিবেদন প্রকাশ করবে, আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো। সাংবাদিকরা আপনাদের কাজ আরও ত্বরান্বিত করুন। কারও দায়িত্বে অবহেলা জনসম্মুখে এলে সেটি আমাদের নজরে আসবে এবং আমরা ব্যবস্থা গ্রহণ করবো।”

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী জানান, “বিগত সরকার দীর্ঘদিন পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি, যার প্রভাব এখনও শিক্ষা ব্যবস্থায় অনুভূত হচ্ছে। শিক্ষা খাতে কিছু নির্ধারিত নিয়মকানুন রয়েছে। আমাকে দুই থেকে চার মাস সময় দিন, এরপর পরিবর্তন দেখতে পাবেন। আমার অনেক পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, “মন্ত্রীর দায়িত্ব শুধু ভবন নির্মাণ করে শ্রেণিকক্ষ খালি রাখা নয়। যেখানে যা প্রয়োজন, সেটিই অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, শূন্যপদ পূরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করাকেই আমরা প্রধান লক্ষ্য হিসেবে দেখছি।”

সভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ