আর্কাইভ
ads
logo

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ পি.এম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি

ads

রাজধানীর সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণার কার্যক্রমকে একীভূত করে সরকার নতুন বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’।

নতুন এই অধ্যাদেশ অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের উচ্চশিক্ষা ও গবেষণার ব্যবস্থাপনা এক নতুন বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হবে।

খসড়া অধ্যাদেশে সাতটি কলেজকে চারটি স্কুলে ভাগ করার প্রস্তাব থাকলেও চূড়ান্ত অধ্যাদেশে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, কলেজগুলো তাদের স্বকীয়তা বজায় রেখে একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত থাকবে।

অধ্যাদেশের বিধান অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পাশাপাশি স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে। তবে স্থায়ী ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত ভাড়া করা ভবন ও জায়গা ব্যবহার করে কার্যক্রম চালানো হবে।

সাতটি কলেজ সংযুক্ত কলেজ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকবে। সংযুক্ত কলেজগুলোর পরিচয়, বৈশিষ্ট্য, স্থাপত্য ও অন্যান্য বিদ্যমান সুযোগ-সুবিধা অক্ষুণ্ণ থাকবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বে নিয়োজিত হবেন।

উল্লেখ্য, একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা এই সাতটি কলেজকে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একাডেমিক হয়রানির অভিযোগ তুলে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, এই অধ্যাদেশ উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং তাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন।

২০২৬ সালের ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছিল। দুই সপ্তাহের মধ্যেই এটি গেজেট আকারে জারি করা হলো।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ