ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলাকালে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাত হোসেন আদালতে আবেদন করেন, যাতে আনিস আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়।
আবেদনে উল্লেখ করা হয়, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা ও বাড়ি কেনার বিষয়টি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে।
দুদক জানায়, বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী সহযোগী হিসেবে আনিস আহমেদ দেশত্যাগ করে অন্য দেশে পালানোর চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তার বিদেশ গমন সাময়িকভাবে বন্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।







