আর্কাইভ
ads
logo

সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধে ঢাবির বাস ভাঙচুর, আহত ২ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পি.এম
সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধে ঢাবির বাস ভাঙচুর, আহত ২ শিক্ষার্থী

ads

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুরের শিকার হয়েছে। বৃহস্পতিবার (আজ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসে থাকা অন্তত দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলে বিশ্ববিদ্যালয়ের ‘অর্জন’ নামের বাসটির দুটি জানালার কাচ ভেঙে যায় এবং বাসের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হন।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বাসটি হাজারীবাগের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে ক্যাম্পাস রুটে শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। দুপুরের ট্রিপে সায়েন্স ল্যাব এলাকায় অবরোধের মুখে পড়ে বাসটি ভাঙচুরের শিকার হয়। বর্তমানে বাসটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিকল্প রুট নির্ধারণের বিষয়টি ভাবা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক কামরুল ইসলাম ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে বলেন, “বাসের পেছনের গ্লাস পুরোপুরি ভেঙে গেছে। এছাড়া দরজা ও বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ২০-২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। শিক্ষার্থীরা মবের মধ্যে পড়ে গিয়েছিল, আমাদের কিছু করার ছিল না। এখন নিজেদের খরচেই বাসটি মেরামত করা হবে।”

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, অবরোধ চলাকালে বাসটি সায়েন্স ল্যাবে আটকে পড়লে বাসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে। বাসটি ছেড়ে দেওয়ার সময় পেছন দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে কাচ ভেঙে যায় এবং বাসের ভেতরে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন। একই সঙ্গে বাসের বাইরের অংশেও ক্ষয়ক্ষতি হয়।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ