বাংলা রক ও মেটাল সংগীতের ইতিহাসে নতুন এক গৌরবময় অধ্যায় যুক্ত হলো। চার দশকের বেশি সময় ধরে ব্যান্ড সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক পাচ্ছে জনপ্রিয় মেটাল ব্যান্ড ওয়ারফেজ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এ অর্জনের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানায় ওয়ারফেজ। ব্যান্ডটির পক্ষ থেকে দেওয়া এক পোস্টে বলা হয়,
“মিরপুর স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ ২০২৬-এর উদ্বোধনী মঞ্চে ওঠার মাত্র ৪ মিনিট আগে আমরা জানতে পারি, ওয়ারফেজ পাচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’। এই ঐতিহাসিক অর্জনের খবর জানার পর আবেগে আমরা আপ্লুত হয়ে পড়ি। আনন্দে একে অপরকে জড়িয়ে ধরি। কারণ, একুশে পদকপ্রাপ্ত সম্ভাব্য প্রথম বাংলা ব্যান্ড ওয়ারফেজ।”
ব্যান্ডটির এই সাফল্যে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানায় ওয়ারফেজ। পোস্টে আরও উল্লেখ করা হয়,
“আমাদের সাবেক সদস্য, আমাদের পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা। তাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না।”
একুশে পদককে শুধু নিজেদের ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, পুরো বাংলা ব্যান্ড সংগীত অঙ্গনের সম্মান হিসেবেও দেখছে ওয়ারফেজ। তারা জানায়,
“এটি শুধু আমাদের ব্যক্তিগত মাইলফলক নয়; পুরো বাংলা ব্যান্ড সংগীত কমিউনিটি ও ইন্ডাস্ট্রির জন্যও এক ঐতিহাসিক মুহূর্ত। এই গৌরবময় সম্মানে আপনাদের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমাদের গান ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। এই গৌরবের যোগ্য করে তোলার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।”
ওয়ারফেজের এই প্রাপ্তিতে ভক্ত ও সংগীতাঙ্গনে প্রশংসার জোয়ার বইছে। জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছে,
“এই প্রাপ্তি শুধু ওয়ারফেজের নয়, আমাদের সকলের। সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্যান্ড মিউজিকের অবদানকে স্বীকৃতি প্রদান করার জন্য।”
১৯৮৪ সালের ৫ জুন যাত্রা শুরু করা ওয়ারফেজ বাংলাদেশের রক ও মেটাল সংগীতের এক অবিচ্ছেদ্য নাম। ২০২৪ সালে ব্যান্ডটি তাদের পথচলার ৪০ বছর পূর্তি উদযাপন করেছে। ১৯৯১ সালে প্রকাশিত নিজেদের নামের প্রথম অ্যালবাম দিয়েই সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে দলটি। ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’ ও ‘পূর্ণতা’—এই গানগুলো আজও নতুন প্রজন্মের কাছে আলাদা আবেগের প্রতীক।
এ পর্যন্ত ওয়ারফেজের মোট আটটি অ্যালবাম প্রকাশিত হয়েছে, যার মধ্যে সর্বশেষ স্টুডিও অ্যালবাম হলো ‘সত্য’। বর্তমানে ইব্রাহিম আহমেদ কমল, শেখ মনিরুল আলম টিপুসহ অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত ওয়ারফেজ নিয়মিত কনসার্ট ও সংগীত পরিবেশনা চালিয়ে যাচ্ছে।







