চলমান অস্থির পরিস্থিতির জেরে ঢাকার বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস বন্ধ ঘোষণা করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং দ্রুত শিক্ষাকার্যক্রম পুনরায় শুরু করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্য, মুসলিম শিক্ষার্থীদের হেনস্তা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে।
একইসঙ্গে রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে ওই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকেও বহিষ্কার করা হয়। তবে দুই শিক্ষককে বহিষ্কারের পরও ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
গত ১৮ জানুয়ারি দুই শিক্ষককে বহিষ্কারের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, হিজাব ও নিকাব পরার কারণে মুসলিম নারী শিক্ষার্থীদের প্রকাশ্যে অপমান, বৈষম্যমূলক আচরণ, ইসলামের বিধান নিয়ে কটূক্তি এবং মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে লায়েকা বশীরের বিরুদ্ধে।
তারা আরও অভিযোগ করেন, ক্লাস চলাকালে নামাজে বাধা দেওয়া, নিকাব খুলতে চাপ সৃষ্টি এবং পরীক্ষায় বৈষম্যমূলক গ্রেডিংয়ের ঘটনাও ঘটেছে। এসব অভিযোগের ভিডিও প্রমাণ শিক্ষার্থীদের কাছে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।







