‘ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬’-এর পুরুষ দলগত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। একই টুর্নামেন্টে নারী একক বিভাগে আইইউবির এক শিক্ষার্থী চতুর্থ স্থান অর্জন করেন।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজন এবং দুই দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে। এতে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় থেকে ১৭৪ জন পুরুষ ও ৩৬ জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জাতীয় পর্যায়ের র্যাঙ্কিংপ্রাপ্ত খেলোয়াড়রাও।
পুরুষ দলগত এলিট ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জেতে আইইউবি। এর আগে সেমিফাইনালে তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কোয়ার্টার ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশকে হারায়। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আইইউবি দল ট্রফি এবং ১৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
নারী একক এলিট বিভাগে আইইউবির আবাসিক শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন (সমাজবিজ্ঞান ও মানববিদ্যা) চতুর্থ স্থান অর্জন করেন।
আইইউবি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. হাফিজুর রহমান এবং মো. কামরুজ্জামান। শিক্ষার্থীদের অংশগ্রহণ সমন্বয় করেছে আইইউবির ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ (ডোসা)। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিল তুরাগ অ্যাকটিভ।







