সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে পুনর্গঠনের ধারাবাহিকতায় আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে নতুন করে দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত রোববারও উচ্চপর্যায়ের আরও আটটি পদে রদবদল আনা হয়েছিল।
নতুন আদেশ অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এ পদে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআইএসটি)-এর মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
১৯ পদাতিক ডিভিশনে কর্মরত মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে এজি হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে।
এদিকে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।







