দেশের অর্থনীতিতে নতুন স্বস্তির বার্তা দিচ্ছে প্রবাসী আয়ের প্রবাহ। চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনেই রেমিট্যান্স এসেছে রেকর্ড পরিমাণ, যা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই সময়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৭৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার (২.৭৯ বিলিয়ন ডলার) সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ১৭ লাখ ডলারের রেমিট্যান্স।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২২৮ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, বিভিন্ন সুবিধা এবং ব্যাংকগুলোর আকর্ষণীয় সেবা প্রবাসীদের উৎসাহিত করছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ২২২ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধির হার প্রায় ২১ দশমিক ৮০ শতাংশ।
এর আগে চলতি বছরের জানুয়ারিতেও রেমিট্যান্সে বড় সাফল্য দেখা যায়। ওই মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে কোনো একক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।







