‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ শুরু হচ্ছে বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা, যার অংশ হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এ সময় কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না এবং কোনো ট্রেনও সেখানে যাত্রাবিরতি দেবে না।
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমি থেকে ডিএমটিসিএলকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, প্রতি বছরের ধারাবাহিকতায় আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’ অনুষ্ঠিত হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে উদ্বোধনের দিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।







