পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না করতে ব্যবসায়ীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘রমজান মাস মনে রেখে দয়া করে ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নেবেন না। এই পবিত্র সময়ে মানুষের কষ্ট বাড়াবেন না।’
সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার-এ আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মহাপরিচালক ফারুক আহমেদ এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া।
‘৪০-৫০ টাকার পণ্য ১২০ টাকা গ্রহণযোগ্য নয়’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতি মুনাফার লোভ ত্যাগ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও রমজানের আগে যে পণ্যের দাম ছিল ৪০-৫০ টাকা, সেটি হঠাৎ ১২০ টাকায় ওঠা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন পরিস্থিতি কারও জন্যই সুখকর নয় বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, বর্তমান বাজার পরিস্থিতি সন্তোষজনক এবং শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। তার ভাষায়, ‘আমরা বাজার তদারক করতে এসেছি। বাজারে যে মূল্যে পণ্য বিক্রি হওয়ার কথা, সেটা হচ্ছে কি না, তা দেখতে এসেছি।’
তিনি আরও বলেন, রোজার মাসকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তবে যারা কৃত্রিমভাবে দাম বাড়াবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজারকে পুরোপুরি স্বাভাবিক ও ক্রেতাবান্ধব করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, যদিও বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।
ঢাকাজুড়ে নজরদারি চ্যালেঞ্জিং
পরিদর্শনের সময় মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে পণ্যের দাম যাচাই করেন। তিনি স্বীকার করেন, ঢাকার মতো বৃহৎ শহরের প্রতিটি বাজারে একযোগে সরকারি টিম পাঠানো বাস্তবে কঠিন। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত কাজ করছে বলে জানান তিনি। ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি করাই সরকারের লক্ষ্য—যাতে তারা বুঝতে পারেন, বাজারে সার্বক্ষণিক নজরদারি রয়েছে।
বাজার কিছু সিন্ডিকেটের নিয়ন্ত্রণে আছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজার যেন গুটিকয় ব্যক্তির হাতে জিম্মি না হয়, সে বিষয়ে সরকারের কড়া নজর রয়েছে।
তিনি আরও বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মী হিসেবে আমাদের কাজ হচ্ছে আমদানি পণ্যের বাজারটাকে স্থিতিশীল রাখা। তবে কোনো কোনো পণ্যের দাম গত বছরের তুলনায় এবার কেজিতে ১৫ থেকে ২০ টাকা করে কম আছে। এটা আমার মুখের কথা নয়, পরিসংখ্যানই বলছে।’
এদিকে সম্প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডল ও কর্মকর্তাদের ওপর ব্যবসায়ীদের হামলা ও হুমকির ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।







