স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে পুনরায় কমিশন গঠন করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী মামলার বিচার কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "এটি আমাদের নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত। দেশের পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীতে চেইন অব কমান্ড বজায় রাখা জরুরি। নির্বাচনের আগে লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগ দেওয়া হয়েছিল, যার ফলে অনেককে তাদের যোগ্যতার বাইরে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মনে করি, এই প্রক্রিয়াও স্বচ্ছ হয়নি। এখন আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।"
তিনি আরও বলেন, "যদি কেউ পুলিশের কার্যক্রমে অবৈধভাবে বাধা দেয় বা হস্তক্ষেপ করে, তা রাজনৈতিক হোক বা সামাজিক, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কাজ যেন জনভোগান্তি সৃষ্টি না করে, তা নিয়ন্ত্রণ করা হবে।"
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পুলিশ জনগণের বন্ধু— আমরা মুখে এ কথা বলি, কিন্তু বাস্তবে বন্ধুত্ব প্রতিষ্ঠা করতে কাজ শুরু করেছি। ফ্যাসিবাদী সরকারের সময়ে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সংস্কার এবং তাদের মনোবল বৃদ্ধির মাধ্যমে দেশকে সঠিক পথে এগোতে হবে।"
তিনি আরও জানান, "গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশার সঙ্গে মিল রেখে আমরা কাজ করছি। আমি বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সাহস যোগাব এবং সামনের দিকে এগোবার দিকনির্দেশনা দেব। অতীতকে না ভেবে ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে এগোতে চাই।"







