দেশের শিক্ষাব্যবস্থা আধুনিক ও ফলপ্রসূ করতে হলে পুরোনো চিন্তাধারাকে ত্যাগ করতে হবে এবং সৃজনশীল নতুন ধারণার মাধ্যমে এগোতে হবে। এমনই মত প্রকাশ করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় মন্ত্রী বলেন, “আমরা জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়ে কাজ করছি। শুধু সচিবালয়কে দুর্নীতিমুক্ত রাখা যথেষ্ট নয়, মন্ত্রণালয়ের অধীনে সব দপ্তর ও সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সুশাসনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”
সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষার গুণগত মান প্রত্যাশিত স্তরে পৌঁছায়নি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর তার ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ছাড়া সমগ্র শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া আবশ্যক।”
এছাড়া সভায় যুগ্মসচিব নুরুন্নাহার মন্ত্রণালয়ের চলমান প্রকল্প, সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে। মন্ত্রণালয়ের সচিব আবু তাহের রানাসহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।







